করোনায় আক্রান্ত হলে দেশে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, করোনা ভাইরাসে আক্রান্ত হলে এদেশে কোনো চিকিত্সার ব্যবস্থা নাই। যে হাসপাতালগুলোতে চিকিত্সার কথা বলা হচ্ছে সে হাসপাতালগুলোতে আসলে কোনো চিকিত্সা নাই। কুয়েত মৈত্রী হাসপাতালে যারা নার্স আছেন, তাদের খাবারের ব্যবস্থা নাই। এই যে চরম একটা অব্যবস্থাপনা, এর একমাত্র কারণ হচ্ছে সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা। অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি, কীভাবে এ দুর্যোগ মোকাবিলা করতে হয়।

গতকাল সোমবার বিকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের  (জেডআরএফ) উদ্যোগে সাধারণ মানুষের হাত ধোয়ার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেসিন স্থাপন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রকৌশল মাহবুব আলম প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেডআরএফের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী মো. আসাদুজ্জামান চুন্নু, মো. ফরিদি, প্রকৌশলী উমাসা উমায়ুন মনি চৌধুরী ও প্রকৌশলী কামরুল হাসান সাইফুল, আতিকুর রহমান রুমন, মেহেদী হাসান, শায়রুল কবির খানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী কলোনিবাজার এলাকায় গতকাল বেসিন স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন হলো।

ফখরুল বলেন, জেলাগুলোতে করোনা ভাইরাসে আক্রান্তদের পরীক্ষার ব্যবস্থা নেই, তাদের চিকিত্সার ব্যবস্থা নেই। একটা জটিল ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। আসুন আজকে আমরা যে যেখানে আছি, যে যতটুকু পারি, যেভাবে পারি আমরা যেন এই চরম দুর্দিনে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।