বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি এস এম বখতিয়ার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, যে সব পণ্য পরিবহন শ্রমিকরা সারাদেশে পণ্য সরবরাহ করে দেশকে স্থিতিশীল রেখেছে, তারাই আজ খাদ্যসংকটে ভুগছে। দেশের বিভিন্ন ট্রাক টার্মিনালে হাজার হাজার গাড়ি বন্ধ থাকায় শ্রমিকরা অবরুদ্ধ হয়ে রয়েছে। করোনার প্রভাবে সারাদেশে পণ্য পরিবহন খাতের কয়েক হাজার শ্রমিক বেকার হওয়ায় খাদ্যসংকটে পড়ে রয়েছে। কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী এদিকে খেয়াল রাখছে না। বিশেষ করে তেজগাঁও ট্রাক টার্মিনালে বহু শ্রমিক আটকা অবস্থায় রয়েছে। তবে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রচেষ্টায় প্রতিদিন শ্রমিকদের একবেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতেও সংকুলান হচ্ছে না। করোনার প্রভাবে কয়েক হাজার শ্রমিক তাদের বাড়িতে যেতে না পেরে টার্মিনালে আটকে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান, যে সব পণ্য পরিবহন শ্রমিক সব দুর্যোগে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে এবং এই করোনার মধ্যেও পণ্য সরবরাহ করছে, তাদের খাদ্যসংকট মোচনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।