পণ্য জাহাজীকরণ থেকে শুরু করে রপ্তানি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সময়ের জন্য ঋণ দিতে বিশেষ তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উত্স থেকে ৫ হাজার কোটি টাকার ঐ প্রি-শিপমেন্ট তহবিল গঠন করা হয়েছে। ঐ তহবিল থেকে সর্বোচ্চ চার মাস মেয়াদে ৬ শতাংশে ঋণ নিতে পারবেন। গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ঐ প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোভেল করোনা ভাইরাসের কারণে মহামারির ফলে বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন স্থবিরতা দেখা দিয়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যান্য খাতের মতো বাংলাদেশের রপ্তানি খাত উত্পাদন কমে গেছে। রপ্তানি আদেশে বাতিল হওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জন ব্যাহত হচ্ছে। রপ্তানি খাতের সংকট কাটাতে ৫ হাজার কোটি টাকার প্রি-শিপমেন্ট পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। এই স্কিমের মেয়াদ তিন বছর।
তহবিলের নীতিমালায় বলা হয়েছে, পণ্য রপ্তানির জন্য পরিপূর্ণ রূপে প্রস্তুত হওয়ার পর রপ্তানিকারকদের ঋণ দেওয়া যাবে। এই ঋণের মেয়াদ হবে ১২০ দিন বা চার মাস। তবে কোনো কারণে বিল পেতে দেরি হলে আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়াদ আরো ৬০ দিন বা দুই মাস বাড়ানো যাবে। একজন গ্রাহককে এক বছরে একাধিকবার ঋণ দেওয়া যাবে। কোনো খেলাপিঋণ দেওয়া যাবে না। একক ঋণগ্রহণ সীমা মেনে চলতে হবে। অবৈধ শেল ব্যাংকিং বা শেল প্রতিষ্ঠানের নামে কোনো ঋণ অনুমোদন করা যাবে না। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত পাঁচটি তহবিলের একটি এই প্রি-শিপমেন্ট তহবিল।