নড়াইলের লোহাগড়া উপজেলার পারছাতড়া গ্রামে ২৫ বছরের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় ওই গ্রামসহ আশপাশের ৪টি গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সোমবার (১৩ এপ্রিল) রাতে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ২৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে লিখিত ও মৌখিক ভাবে ১৭টির নমুনার ফলাফল পাওয়া গেছে। ১৬টি ফলাফল নেগেটিভ এবং একটি পজেটিভ এসেছে। বাকি ৬টির রিপোর্ট এখনও পাওয়া যায়নি। যার রিপোর্ট পজেটিভ এসেছে সেটা আমরা মৌখিক ভাবে জানতে পেরেছি। আশা করি মঙ্গলবার লিখিত রিপোর্ট পাব।
তিনি আরো বলেন, সম্প্রতি ঐ যুবক নারায়ণগঞ্জ থেকে পালিয়ে নিজ বাড়ি নড়াইলে আসেন। অসুস্থ হলে তার নমুনা সংগ্রহ করে খুলনা পাঠানো হয়। বর্তমানে ঐ যুবক বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা মোটামুটি ভাল বলে জানা গেছে।
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানান, লোহাগড়া উপজেলার পারছাতড়া, ছাতড়া, নারানদিয়া ও জয়পুর পূর্বপাড়াসহ ৪টি গ্রাম লকডাউন করা হয়েছে। মাইকিং করে বিষয়টি জনসাধারণকে সতর্ক করা হয়েছে।
ইত্তেফাক/এমআর