জামালপুরে প্রাণঘাতি করোনা ভাইরাসে হাসপাতালের আয়াসহ চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে একজন মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের আয়া। ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসা ইসলামপুর উপজেলার দুইজনের মধ্যে একজন পলবান্দা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। অপরজন মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া ঢাকার গাজীপুর থেকে বাড়ি আসা জামালপুর পৌরসভার সিংহজানি স্কুল রোড়ের একজন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, গত বুধবার স্বাস্থ্য কেন্দ্রের এক ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত হয়। এর পর হাসপাতালের আয়া আক্রান্ত হলো। ওই আয়ার বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হচ্ছে।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, জামালপুরে মোট ১৫ জন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী নমুনা গ্রহণের আগেই মারা গেছে। এ পর্যন্ত সারা জেলায় মোট ৩৩০ জনের পরীক্ষার রির্পোট পাওয়া গেছে। পুর্বের ১০ জন আক্রান্তদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। নতুন সংক্রমিত এই চারজনকে দ্রুত আইসোলেশনে আনা হবে।
ইত্তেফাক/ইউবি