একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ রাজু। শুক্রবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন দুই প্রার্থী। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থী মৃণাল কান্তি দাস বলেন, গত ১০ বছর আমরা মহাজোটে থেকে এক সাথে পথ চলেছি। আমি বিশ্বাস করি, এ সমর্থন আমাদের ৩০ ডিসেম্বর নির্বাচনে বিজয়ের পথকে সুগম করবে। মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ রাজু বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলাম। মহাজোটের নেত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতি আনুগত্য রেখে মহাজোট প্রার্থী মৃণাল কান্তি দাসকে সমর্থন দিয়েছি।