কলেজছাত্র মিশকাত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ২য় বর্ষের  ছাত্র আহমেদ মিশকাত মিশু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার পাবনা প্রেসক্লাবের সামনে শহরের শিবরামপুর ও দক্ষিণ রাঘবপুর এলাকাবাসীর পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে পাবনা কলেজের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল শিক্ষক, মানবাধিকারকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনের অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তারা দ্রুত আহমেদ মিশকাত মিশুর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা জেলা পুলিশের পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধনে নিহত মিশুর বাবা পাবনা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ গোলাম মোস্তফা, তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহপাঠীসহ এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করে।