করোনা ভাইরাসের সংক্রামণ রোধে মাত্র একদিন আগে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত। অথচ এরই মধ্যে আবার লকডাউন শিথিলও করা হয়েছে। ভারতের কৃষি খাত, ব্যাংকিং খাত এবং সরকারি কর্মচারীদের জন্য লকডাউন শিথিল করা হলেও এখনো বন্ধ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এবং যাতায়াত ব্যবস্থা।
এ ছাড়াও আগামী ২০ এপ্রিল থেকে দেশটিতে সাপ্লাই চেইন এবং অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান বা সংস্থার জন্য নতুন নিয়ম প্রদান করা হবে বলে জানিয়েছে বিবিসি। ভারতে গত ২৫ মার্চ লকডাউন শুরু হয়েছে যা চলবে মে মাসের ৩ তারিখ পর্যন্ত।
ভারতে বর্তমানে ৯ হাজার ৭৫৬ জন সক্রিয় করোনায় আক্রান্ত রোগী রয়েছে। দেশটিতে মারা গেছে ৩৭৭জন। দেশটিতে জানুয়ারির প্রথম দিকেই নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। কিন্তু ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে মার্চ মাসে।
সবার প্রথমে কঠোরভাবে লকডাউন দেয়া দেশগুলোর একটি ভারত। এখানে স্থানীয় যাতায়াত ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক সকল ফ্লাইট বাতিল করা হয়, যাতায়াত বন্ধ করে দেয়া হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। সেখানে বাতিল করা হয় অধিকাংশ দেশের ভিসা।
কিন্তু দেশে এভাবে লকডাউন কার্যকর করা কতটা কঠিন তা প্রতি মূহুর্তে বোঝা যাচ্ছে। এরই মধ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোয় অনেক শ্রমিক ও কর্মজীবী আন্দোলনে নেমেছে ভারতের রাজপথে। তাদের নিজ নিজ গ্রামে ফিরে যাবার ব্যবস্থা করে লকডাইন কার্যকরের দাবি জানাচ্ছে তারা। বিবিসি।
ইত্তেফাক/আরএ