বাংলাদেশ সফরে আসা বা আসতে চাওয়া নাগরিকদের সতর্ক করেছে ব্রিটিশ সরকার। তাদের অন-এরাইভাল ভিসা ও বাংলাদেশে নির্বাচনী সহিংসতার বিষয়ে সতর্ক করে গতকাল শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সাধারণত বাংলাদেশে পৌঁছানোর এক মাস মেয়াদি অন-এরাইভাল ভিসা দেওয়া হয়। কিন্তু ২৪ ডিসেম্বর আমরা রিপোর্ট পেয়েছি যে, কিছু পর্যটকের ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভিসার মেয়াদের বেশি সময় থাকলে জরিমানা দিতে হতে পারে।
বিবৃতিতে রবিবার অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ১০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময়। বিভিন্ন গ্রুপ ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সংঘর্ষ অথবা বিশৃঙ্খল পরিস্থিতি এ পুরোটা সময় ধরে চলতে পারে। ইতোমধ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা ও বিস্ফোরক ডিভাইস ব্যবহারের রিপোর্ট পাওয়া গেছে। তাই ব্রিটিশ নাগরিকদের এ সময়ে বাংলাদেশে বড় কোনো সমাবেশ ও রাজনৈতিক র্যালি এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।