ভারতে ১৭০ জেলা হটস্পট ঘোষণা, ২৪ ঘণ্টায় আক্রান্ত হাজারের বেশি

ভারতে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি মানুষ। ভারতের ১৭০ জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৮ জন। বুধবার পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা ১১ হাজার ৯৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪৩ জন। আর এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভারত জুড়ে ৩৯২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, আজ থেকেই শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য হিসেবে সারা দেশে ১৭০টি জেলা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। হটস্পটগুলিতে আরও কড়া নজরদারির কথা বলা হয়েছে। তবে করোনার নন-হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে ২০৭টি জেলা। 

আরও পড়ুন: অনির্দিষ্ট কালের জন্য আইপিএল স্থগিত

ভারতের মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। ইতিমধ্যে এ রাজ্যে করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়িয়েছে। এখানে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৮৭। আর মৃত্যু হয়েছে ১৭৮ জনের। এছাড়াও চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২৫৯ জন। 

ইত্তেফাক/আরআই