পাকিস্তানের মসজিদের নামাজে নিষেধাজ্ঞা, আলেমদের হুশিয়ারি

কোভিড-১৯ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পাকিস্তানে সামাজিক দূরত্ব মেনে চলার উপর কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। এর মধ্যে মসজিদের নামাজের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে পাক সরকার। এ নিষেধাজ্ঞা মানতে রাজি নয় বলে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে হুশিয়ারি দিয়েছে দেশটির আলেমরা। 

মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় দেশটির অর্ধশতাধিক আলেম পাক সরকারকে হুশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের বিখ্যাত আলেমরা বলছেন, তারা মসজিদে জুমার নামাজ পড়ার পক্ষে। ইমামরা বলেছেন, মসজিদে নামাজ পড়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন না।

মঙ্গলবার পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ওই হুশিয়ারি দেন বলে জানিয়েছে বিবিসি। 

করোনা ভাইরাস মোকাবেলার ব্যাপারে দেশটির সরকার সোশ্যাল ডিস্ট্যান্সিং পালনের নির্দেশ জারি করছে। তা সত্ত্বেও রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের বেফাকুল মাদারিসের আলেমরা সরকারকে মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকার নির্দেশনা জারি করতে নিষেধ করেছেন।

পাকিস্তান সরকার রমজান মাসেও মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে কিছুটা কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে বলে জানাজানি হওয়ায় হুশিয়ারি দিয়েছেন আলেমরা।

সংগঠনের শীর্ষ পর্যায়ের ৫৩ জন আলেম রাজধানী ইসলামাবাদের জামিয়া দারুল উলুম জাকারিয়ায় এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এসময় বিভিন্ন মাদরাসার শিক্ষক, ধর্মীয় সংগঠনের নেতা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভারতে ১৭০ জেলা হটস্পট ঘোষণা, ২৪ ঘণ্টায় আক্রান্ত হাজারের বেশি

পাকিস্তানে এ পর্যন্ত ছয় হাজারের কাছাকাছি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় প্রাণ হারিয়েছেন ১০৭ জন। 

 

ইত্তেফাক/আরআই