পল্টনে জামান টাওয়ারে আগুন

রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই ভবনের তৃতীয় তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়। তবে ওই কার্যালয়ের কোনো সমস্যা হয়নি। গতকাল শুক্রবার দুপুর ২টা ৪১ মিনিটে পুরানা পল্টনের বিজয়নগর পানির পাম্পের কাছে ১৬ তলা জামান টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ দিকে ঐক্যফ্রন্ট দাবি করেছে, জামান টাওয়ারে আগুনের ঘটনা উদ্দেশ্য মূলক। ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বি জে আলী আহম্মেদ খান বলেন, ভবনের দশম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) অফিস। ওই অফিসের ইন্টারনেট সার্ভার আছে, এসি আছে। ধারণা করছি, এসিতে শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে। ভবনের ১৫ তলায় নিউজ পোর্টাল ‘সারাবাংলা ডটনেট’ এ ১৬ জন কর্মী আটকা পড়েছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিচে নামিয়ে নিয়ে আনেন।