রমজান উপলক্ষ্যে সারাদেশে নায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ইত্তেফাক রিপোর্ট

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সারাদেশে টিসিবির ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ। সারাদেশে ৪০০ স্থানে প্রায় ৩ হাজার ডিলারের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা শহরের ৯০টি স্থানে, চট্টগ্রামের ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এই পণ্য বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় ঢাকা সিটি করপোরেশন এলাকায় টিসিবির ট্রাক সেল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয় আটটি ভ্রাম্যমাণ মনিটরিং টিম গঠন করেছে। টিমগুলো টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম তদারক করবে। টিসিবির পণ্য বিক্রয় নিয়ে যে কোনো অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। গত ৭ এপ্রিল এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র্যাব ও পুলিশ প্রশাসনকে সংঘটিত অনিয়মের যে কোনো অভিযোগ সুপারিশসহ টিসিবির প্রধান কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া দেশের প্রচারমাধ্যমে কোনো অনিয়ম প্রকাশিত হলে সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।