ফুলবাড়ি কয়লা খনি নিয়ে লন্ডনে মাইনিং কোম্পানির সভার বাইরে বিক্ষোভ

বাংলাদেশের ফুলবাড়ি কয়লা খনি প্রকল্পের পেছনে রয়েছে যে ব্রিটিশ মাইনিং কোম্পানি, লন্ডনে তাদের বার্ষিক সাধারণ সভার বাইরে বিক্ষোভ করেছে পরিবেশবাদীরা। সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড সার্কাসের কাছে ক্যাভেনডিশ স্কোয়ারের একটি ভবনে জিসিএম রিসোর্সেস পিএলসি’র এই সভা শুরু হয় শুক্রবার সকাল ১০টায়। সেখান থেকে ‘একস্টিংশন রেবেলিয়ন’ নামে একটি পরিবেশবাদী গ্রুপের তিনজনকে পুলিশ আটক করে বলে বিক্ষোভকারীরা জানায়। খবর বিবিসি’র

বিক্ষোভকারীদের কয়েকজন ভবনটির নিরাপত্তা গেটের সঙ্গে নিজেদের আঠা দিয়ে আটকে শেয়ারহোল্ডারদের ভেতরে যেতে বাধা দেয়ার চেষ্টা করেন। গোলযোগ থামাতে সেখানে পুলিশকে তত্পর দেখা যায়। বিক্ষোভে যোগ দেয়া একটি সংগঠন লন্ডন মাইনিং নেটওয়ার্কের রিচার্ড সলি বলেন, আমাদের কিছু সহকর্মী এই ভবনের সিকিউরিটি গেটের সঙ্গে নিজেদের আঠা দিয়ে আটকে ফেলেছিলেন। এরপর পুলিশ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।

রিচার্ড সলি বলেন, ফুলবাড়ি প্রকল্পের প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি এই প্রকল্প নিয়ে এগুনো উচিত নয়। কারণ এর বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা রয়েছে স্থানীয় জনগোষ্ঠীর দিক থেকে। একটি উন্মুক্ত কয়লা খনি করা হলে সেটি তাদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দেবে। কিন্তু প্রকল্প নিয়ে এগিয়ে যেতে জিসিএম মনে হচ্ছে দৃঢ়সংকল্প। এখন তারা চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের এই প্রকল্পটিকে বাঁচাতে চাইছে। তারা মনে করছে, চীন এতে যুক্ত হলে এই প্রকল্প হয়তো এগিয়ে নেয়া সম্ভব হবে।