ইত্তেফাক ডেস্ক
দরিদ্র ও স্বল্প আয়ের মানুষেরা ত্রাণের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা জানান :
খুলনা : খুলনায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে হত দরিদ্র মানুষ। মঙ্গলবার বেলা ১১টার দিকে রূপসা উপজেলার পূর্ব রূপসা বাজার এলাকায় ক্ষুধার্ত শত শত নারী-পুরুষ এই বিক্ষোভ করে। তারা দাবি করেন, এলাকার প্রতিটি মানুষ ঘরে থাকলেও তাদের কাছে এখনো পর্যন্ত কোনো ত্রাণ বা খাদ্য পৌঁছেনি।
রংপুর : মহানগরীতে পর্যাপ্ত খাদ্য ও সরকারি ত্রাণের দাবিতে শত শত কর্মহীন অতিদরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিক্ষোভে নেমেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিরতিহীনভাবে ২৮নং ওয়ার্ডের সর্বস্তরের কর্মহীন জনতা মহাসড়ক অবরোধ করে ত্রাণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
গোপালগঞ্জ : মুকসুদপুরে ঢাকা-খুলনা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জনতা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিগনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোড়লপাড়া, কারিকরপাড়া ও হিন্দুপাড়ার বাসিন্দারা ঢাকা-বরিশাল মহাসড়কের রথখোলা নামক স্থানে অবরোধ করে খাদ্যের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীকে খাদ্য-সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলে দুপুর ১২টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন।
বরিশাল : ১ নম্বর ওয়ার্ডে ত্রাণ না পাওয়া নিম্ন আয়ের মানুষেরা বুধবার সড়কে অবস্থান নেয়। প্রায় দেড় ঘণ্টা কাউনিয়া বিসিক সড়কে তারা অবস্থান নিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জরুরি খাদ্য সরবরাহের বিষয়য়ে আশ্বস্ত করলে তারা নিবৃত হয়। বুধবার সকাল ১০টা থেকে দেড় ঘণ্টা প্রায় ৫ শতাধিক নারী ও পুরুষ অবস্থান করে। মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি আজিমুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
গাইবান্ধা : সাদুল্লাপুরে ইউএনও কার্যালয় চত্বরে বিক্ষোভ ও গোবিন্দগঞ্জে পৌর ভবন ঘেরাও করেছে। বেলা ১১টার দিকে দুই শতাধিক কর্মহীন দিনমজুর বিক্ষোভে অংশ নেন। অন্যদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে অসহায় কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক পৌরবাসী পৌরভবন ঘেরাও করে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করে। এ সময় তারা ত্রাণের দাবিতে স্লোগান দিতে থাকে।