দেশে বর্তমানে ইউরিয়া সারের মজুত গত বছরের চেয়ে বেশি

সারের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ শিল্প মন্ত্রণালয়ের

ইত্তেফাক রিপোর্ট

দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সারের মজুত রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন সকল সার কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উত্পাদন কার্যক্রম চলমান রয়েছে। সারের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিলারদের মাধ্যমে কৃষকদের নিকট সার  পৌঁছে দেওয়ায় গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। গত সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় জানানো হয়, মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সর্বশেষ তথ্য অনুসারে, করপোরেশনের সার কারখানা ও গোডাউনগুলোতে ৯ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে। গত বছর একই সময়ে ইউরিয়া সারের মোট মজুতের পরিমাণ ছিল ৮ লাখ ১৫ হাজার ৭৩৫ মেট্রিক টন। চলতি ২০১৯-২০ অর্থবছরে ইউরিয়ার মোট চাহিদা ২৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন। ইতিমধ্যে প্রায় ২২ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

এদিকে, ইউরিয়া সার পরিবহন, ডিলারের অনুকূলে বরাদ্দকৃত ইউরিয়া সার যথাসময় উত্তোলন করে সারাদেশে  কৃষকদের নিকট পৌঁছানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য গত শনিবার জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। বিসিআইসির সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এ বছরের এপ্রিল মাসের ইউরিয়া সারের বরাদ্দ জেলা প্রশাসকদের অনুকূলে পাঠানো হয়েছে।