আবারও স্থগিত প্রিমিয়ার ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার

আগামী জুনে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া। করোনা ভাইরাসের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

খবরটি চাউর হয়েছিল গত ৯ এপ্রিল। এই খবর দেখার পর জাতীয় দলের এক ক্রিকেটার বলেছিলেন, সমস্যা নাই ভাই। ওরা না আসলে ঐ সময় আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলব।

জাতীয় দলের ঐ ক্রিকেটারের আশাবাদ বাস্তবে রূপ পাবে কি না বলা কঠিন। আপাতত দেশের আপামর ক্রিকেটারদের কপালে চিন্তার ভাঁজ বাড়ানোর খবরই এসেছে। গতকাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ।

গতকাল প্রিমিয়ার লিগ নিয়ে মিটিং করেছে সিসিডিএম। ঐ মিটিং থেকেই এসেছে সিদ্ধান্ত। ক্লাবগুলোর সঙ্গেও আলোচনা করা হয়েছে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন গতকাল জানিয়েছেন, ‘আজ সিসিডিএমের চেয়ারম্যানসহ মিটিংয়ে বসেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রিমিয়ার লিগ। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে ক্লাবগুলোর সঙ্গে, বোর্ডের সঙ্গে আলোচনা করে আবার খেলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত ১৯ মার্চ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনির্দিষ্টকালের জন্য দেশে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিলেন। তবে সিসিডিএম ১৫ এপ্রিল পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্লাবগুলোকে নতুন সিদ্ধান্ত জানাবে বলেছিল। তারই ধারায় গতকাল অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিতের ঘোষণা দেয় সিসিডিএম।

জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজের করোনা ধাক্কার শুরুতে গত ১৫ মার্চ মাঠে গড়িয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু করোনার কারণে এক রাউন্ড পরই স্থগিত হয় প্রিমিয়ার লিগ। করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় লিগ আবারও স্থগিত করা হয়।

পরিস্থিতি বিবেচনায় এটিই স্বাভাবিক ও অনুমিত সিদ্ধান্ত। করোনার বিস্তার থেমে নেই বাংলাদেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাটাও পঞ্চাশে পৌঁছে গেছে। জীবনের চেয়ে ক্রিকেট অবশ্যই বড়ো নয়। জীবন যেখানে বিপন্ন, ক্রিকেটের চিন্তা সেখানে তুচ্ছ। তারপরও এই ক্রিকেটই অনেকের জীবন। যাদের সামনে এখন ঘোর অমানিশা ধরা দিচ্ছে।

কবে দেশ করোনার রাহুমুক্ত হবে তা অস্পষ্ট। করোনার থাবায় স্থবির এখন গোটা বিশ্ব। মহামারি রূপ ধারণ করা এই ভাইরাসের কারণে নির্বাসনে এখন ২২ গজের ক্রিকেট। তবে প্রান্তিক ক্রিকেটাররা ঠিকই মনে মনে করোনার ধাক্কা কাটিয়ে তাদের রুটি-রুজির অবলম্বন ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর প্রার্থনাই করছেন।