নিজেকে বার্সার যোগ্য ভাবেন জাভি

স্পোর্টস ডেস্ক

কোচ কিকে সেতিয়েনের আগেই কোচ হিসেবে জাভি হার্নান্দেজকে ভেবেছিল বার্সেলোনার টিম ম্যানেজমেন্ট। কিন্তু, সেবার ব্যাটে বলে হয়নি। তবে, ভবিষ্যতে বার্সেলোনার জন্য নিজের দুয়ারটা খোলাই রাখছেন সাবেক এই বার্সা তারকা।

তিনি ইউটিউবে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি কোচ হিসেবে নিজের পরীক্ষা নিয়েছি। আমি নিজেকে যোগ্য মনে করি। বার্সেলোনায় ফিরতে পারাটা আমার স্বপ্ন। আমি আগেও অনেকবার বলেছি যে, বার্সেলোনাই আমার বাড়ি। বার্সেলোনাই আমার জীবন।’

যদিও, এই মুহূর্তে কাতারে নিজের কোচিং ক্যারিয়ারটা উপভোগ করছেন স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তিনি বলেন, ‘আমি কাতারে অনেক কিছু শিখছি। বার্সেলোনার কোচিং করানো একটা বিশাল ব্যাপার। অনেক বড়ো এক কর্মযজ্ঞ। আমি এটা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করেছি। এর জন্য নিজেকে আগে প্রস্তুত করতে হবে। এটা একটা প্রক্রিয়া। আশা করি, অবশ্যই কোনো একদিন সেই সুযোগ আমার সামনে আসবে।’

নেইমারকে ঘিরে অনেক পুরোনো গুজব হলো, আবারও বার্সেলোনায় ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান। এই গুজবের আগুনে নতুন করে ঘি ঢাললেন জাভি। বললেন, ‘কেন নয়? ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে ওকে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তাকে ড্রেসিংরুমে পেয়েছি। মানুষ হিসেবে সে দারুণ। ও খুবই পেশাদার। এই মুহূর্তে ওকে বিশ্বের সেরা পাঁচ ফুটবলারের এক জন বলাই যায়।’