ডেনমার্কে খুলে দেওয়া হলো শিশুদের স্কুল

বিবিসি

করোনা ভাইরাসের কারণে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ডেনমার্কে শিশুদের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে।  ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম কোনো দেশে এ ধরনের সিদ্ধান্ত নিল। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিকে দেশটিতে লকডাউন কার্যকর করা হয়। এর ফলে সেখানে মৃত্যুহার অনেকটা কমে আসে। তবে বিশ্বের এই ভয়াল পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্তকে অনেকে সমালোচনা করেছেন।

গত ১২ মার্চ থেকে স্কুলগুলো বন্ধ ছিল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১১ বছর বয়স পর্যন্ত শিশুরা এর আওতায় পড়বে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এতদিন পর শিশুরা যে স্কুলে ফিরছে এজন্য তাদের স্বাগত জানিয়েছেন। তবে সরকারের এই হঠাত্ সিদ্ধান্তকে অনেকে ভিন্নভাবে দেখছেন। তারা বলছেন, যদিও দেশটিতে মৃত্যুহার কমে এসেছে, তার মানে এই নয় যে সবাই আশঙ্কামুক্ত। তারা বলছেন, সরকারের এ পথে হাঁটা অনেককেই ঝুঁকির মধ্যে ফেলবে। ডেনিশ ইউনিয়ন অব আর্লি চাইলহুড অ্যান্ত ইয়ুথ অ্যাডুকেশনের প্রধান এলিসা রিমপেলার বলেন, আমরা এজন্য সামান্যতম হলেও দুশ্চিন্তায় আছি। তবে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়মটি যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, আমাদের হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে আছে। কিন্তু আমাদের কাছে মাস্ক নেই। এজন্য যে সামাজিক দূরত্ব মানার কথা বলা হচ্ছে তা কতটুকু পালন হবে সে প্রশ্ন থেকেই যায়। ডেনমার্কের এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো যখন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেয়ান ধীরে ধীরে ২৭টি রাজ্য থেকে লকডাউন তুলে নেওয়ার একটি রোডম্যাপ তৈরি করেছেন। তবে তিনি এও বলেছেন, তার অর্থ এই নয় যে এটি অনতিবিলম্বে কার্যকর করতে হবে।

এখন পর্যন্ত ডেনমার্কে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৮১।  নতুন করে আক্রান্ত হয়েছে ১৭০ জন। আর মারা গেছে ২৯৯ জন। তবে ভালো খবর হচ্ছে যে এতে সুস্থ হয়ে উঠেছে আড়াই হাজারেরও বেশি মানুষ।  সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ কোরিয়ার মতো দ্রুত চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করায় তারা সফলতার মুখ দেখতে পেরেছেন।