চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানোর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ ২৪ ঘণ্টা খোলা রাখা প্রয়োজন। এতে করে দ্রুত বন্দরের কনটেইনার জট নিরসন সম্ভব। চট্টগ্রাম বন্দরের সংকট নিরসনে গত মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় এসব কথা বলা হয়। এতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সরকারি ও বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন, চট্টগ্রাম বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ, বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিউল বারী, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মো. ফখরুল আলম,                 বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ, বিএসটিআই পরিচালক মো. সেলিম রেজা, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক, বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের ফজলে ইকরাম চৌধুরী, বিজিএমইএর অঞ্জন শেখর দাশ, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে বন্দরকে কার্যকর রাখতে হবে। কনটেইনার জট নিরসনের জন্য ডেলিভারি জোরদার করতে হবে। বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বন্দরের সমস্যা চিহ্নিত করা হয়েছে। সবার সহযোগিতা পেলে সমস্যা চার দিনে কাটিয়ে ওঠা সম্ভব। বন্দরের সদস্য মো. জাফর আলম বলেন, বন্দর সংশ্লিষ্ট ২০ থেকে ২৫ ধরনের স্টেক হোল্ডার রয়েছে। করোনার কারণে ডেলিভারি কমে গেছে। এ জন্য সব প্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখা প্রয়োজন। চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, বন্দরের কনটেইনার জট কমাতে আমদানিকারকদের এগিয়ে আসতে হবে। একইসঙ্গে ব্যাংক খোলা রাখার সময় বাড়াতে পারলে সুবিধা হবে। ফজলে ইকরাম বলেন, আগে যেখানে এক শিফটে সাড়ে ৩০০ বক্স নামত। বর্তমানে তা ৩০ বক্সে নেমে এসেছে। তিনি দ্রুত অবস্থার উন্নতি কামনা করেন। সভার সুপারিশসমূহ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাঠানোর মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যায়।