মুন্সীগঞ্জে দুপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় পহেলা বৈশাখের দিন দুপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং সার্কেল) আসাদুজ্জামান জানান, ডাকাতি করে পালানোর সময় র্যাব-২ এর সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়। শ্রীনগর থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, ‘ডাকাতরা ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়ার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। তাদের বয়স ২৬ থেকে ২৭ বছর হবে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।’ তিনি জানান, ‘শুনেছি ডাকাত এই দুই যুবক র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।’ পরে র্যাবও পালটা গুলি ছুড়ে। মুন্সীগঞ্জ র্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, শরীয়তপুর জেলার গোসাইরহাটে কয়েক দিন আগে একটি ডাকাতি হয়েছিল। সে ডাকাতদের র্যাব-২ ফলো করছিল। ঐ ডাকাতরা পদ্মার ওপার থেকে এদিকে আসছিল। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, ‘ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গত তিন মাস ধরে ডাকাত সদস্যদের নজরে রাখা হচ্ছিল। তারা শরীয়তপুরসহ ঢাকার আশপাশের জেলাগুলোতে ডাকাতি করে আসছিল।’