সরকারি ৫ হাজার ৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার দুই ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুই ডিলার হলেন—আবু বক্কর সিদ্দিকী ও রফিকুল ইসলাম। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে-২-এর উপপরিচালক নজরুল ইসলাম বাদী হয়ে এ দুইটি মামলা দায়ের করেন। দুই মামলায় আবু বক্কর সিদ্দিকীর বিরুদ্ধে ৪ হাজার ৮৭০ কেজি এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে ১৮০ কেজি সরকারি চাল আত্মসাত্ করার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এই দুই জনই গ্রেফতার রয়েছেন।
এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কমিশন এ বিষয়ে আগেই সবাইকে সতর্ক করেছে। তার পরও যে বা যারা সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ও ত্রাণসামগ্রী আত্মসাত্ করবেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যেখানেই অভিযোগ পাওয়া যাবে, সেখানেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে দুদক শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করবে। এই দুর্যোগকালীন পরিস্থিতিতে তিনি দায়িত্বরত সকলকে সততার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য পুনরায় আহ্বান জানান।
ঐ দুই মামলার ব্যাপারে দুদক সূত্র জানায়, মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ধল্লা বাজার এলাকার ডিলার আবু বক্কর সিদ্দিকী সরকার কর্তৃক খাদ্যবান্ধব কর্মসূচির ৪ হাজার ৮৭০ কেজি আত্মসাত্ করেছেন বলে দুদক প্রমাণ পেয়েছে। অপরদিকে সিঙ্গাইর থানার জার্মিতা ইউনিয়নের দড়িরাজনগর এলাকার ডিলার রফিকুল ইসলাম সরকার কর্তৃক খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ১৮০ কেজি চাল আত্মসাত্ করে তা দড়িরাজনগর এলাকার সাকিনের মোড়ের জনৈক সলে বিশ্বাসের ভাড়া করা ঘরে লুকিয়ে রাখে। তাদের দুই জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।