জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখনই সরাসরি রাজনীতিতে আসতে রাজি নন। গতকাল শুক্রবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাত্কারে উপস্থাপকের করা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মেয়ে ছোট, স্কুলে পড়ে। ওর সঙ্গে সময় কাটাতে, ওয়াইফের সঙ্গে সময় কাটাতে আমি ভালোবাসি। সেটা ছেড়ে এখন এখানে রাজনীতি হচ্ছে একটা ২৪ ঘণ্টা সার্ভিস। আমার পরিবারকে একদম ছেড়ে দিয়ে আমি রাজনীতিতে সরাসরি আসতে এখনো রাজি না।’
জয় বলেন, ‘যে কথা আমি আমার মাকে, আমার ক্রিস্টিনকে বলেছি, ছোট বেলায় আমরা মাকে পাইনি। মা তো ২৪ ঘণ্টা ব্যস্ত থাকতেন। তারপর তখন তো সামরিক আইন ছিল, মাঝে মধ্যে ওনাকে গ্রেফতার করা হতো। প্রথম প্রথম একেবারে গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো, তারপর অ্যাটলিস্ট হাউজ অ্যারেস্ট থাকতেন।’
তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়ে যত দিন ছোট আছে, ওকে সে কষ্টটা আমি দেব না। আমি ওকে যত সময় পাই, দেব। ও যখন বড় হয়ে যাবে তখন দেখা যাবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাজনীতিতে এলেন তখনকার সময়কার কথা বলতে গিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তখন খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের দিন গেছে। বঙ্গবন্ধুর নাম তো উচ্চারণ করাই যেত না, জয়বাংলা উচ্চারণ করা যেত না।