বান্দরবানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে শিশু নিহত

 চট্টগ্রাম অফিস

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ঘেরাও ভিতরপাড়া এলাকায় সোমবার রাতে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় উপজাতীয় এক শিশু গুলিবিদ্ধ হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। শিশুটির নাম ক্যাসি অং মারমা (১৪)। এ ঘটনায় শিশুর বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রোয়াংছড়ি থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে নিহত ক্যাসি অং মারমা তার দুই সঙ্গীকে নিয়ে ঘেরাওপাড়া বৌদ্ধ কিয়াং এর মাঠ থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। এসময় রোয়াংছড়ি সেনা ক্যাম্পের একটি দলের সঙ্গে অজ্ঞাত সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। তখন ক্যাসির বাম বাহু ও হাতের বিভিন্ন স্থানে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ১২টার দিকে ক্যাসি মারা যায়। এ ব্যাপারে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।