কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দেশের ১১তম কোভিড-১৯ ভাইরাস শনাক্তের জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ল্যাবরেটরির উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ।
হাসপাতাল চত্বরের এনাটমি বিভাগে স্থাপন করা হয় পিসিআর মেশিনসহ টেস্টিং ল্যাবরেটরি। পাশাপাশি এক্সপার্ট টিমের তত্ত্বাবধানে এ হাসপাতালের চিকিৎসক ও টেকনিশিয়ানসহ আটজনের প্রশিক্ষণ সম্পন্ন হয়। চিকিৎসকরা করোনা সন্দেহে যাদের স্যাম্পল পাঠাবেন শুধুমাত্র তাদেরই পরীক্ষা হবে বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ সরকারি খরচে। ল্যাবের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করবেন কুষ্টিয়া মেডিকেল কলেজের ‘মাইক্রোবায়োলজির সহকারী অধ্যাপক ডাক্তার নাজনীন রহমান।
এদিকে করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের জন্য কিট, পিপিইসহ সকল চিকিৎসা সরঞ্জাম হাসপাতালে পৌঁছেছে। এসব চিকিৎসা সামগ্রীর মধ্যে পারসোনাল প্রটেকটিভ ইকুপমেন্টসহ (পিপিই) ৫০০টি স্যাম্পল কালেশন টেস্ট, সার্জিক্যাল গ্লাভস, মাস্ক ও ক্যাপ উল্লেখযোগ্য। পিসিআর মেশিনে প্রতিদিন একসাথে ৯০টি নমুনা পরীক্ষা করা যাবে। এতে চার ঘণ্টায় মিলবে পরীক্ষার ফলাফল। ফলে দীর্ঘসূত্রিতা ও বিড়ম্বনা ছাড়াই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ীসহ নিকটতম জেলার করোনা রোগীরাও এ টেস্টিং ল্যাবরেটরি থেকে করোনা পরীক্ষা সুবিধা লাভ করবে।
আরো পড়ুন : ২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকায় চাল কিনবে সরকার
পিসিআর মেশিন উদ্বোধকালে কুষ্টিয়া-১ আসনের এমপি আ.কা. ম সরওয়ার জাহান বাদশা, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আশরাফুল হক দারা, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এসএম মুসতানজিদ, হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার নূরুন নাহার, সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম, আএমও ডাক্তার তাপস কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এমপি মাহবুব-উল আলম হানিফ হাসপাতালের সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক ও রাজনৈতিক নেতৃবর্গের সঙ্গে বৈঠক করেন। করোনা মোকাবিলায় তিনি চিকিৎসকদের বেশ কিছু দিক-নির্দেশনা দেন।
ইত্তেফাক/ইউবি