ঈশ্বরগঞ্জ, রাজৈর, ধামরাইয়ে ৮ করোনা রোগী শনাক্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নমুনা পরীক্ষায় চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে ঈশ্বরগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। আক্রান্তদের বাড়ি উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নে। 

জানা যায়, গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এক নারী উত্তর বনগাঁও গ্রামে আসে। ১১ এপ্রিল শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ওই নারীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠায়। ১২ এপ্রিল ওই নারীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। পরে ১৩ এপ্রিল ওই আক্রান্ত নারীর পরিবার ও প্রতিবেশীসহ আটজনের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার আইইডিসিআর ফিল্ড ল্যাব ময়মনসিংহ থেকে ওই নারীর মা, দুই বোন ও একজন প্রতিবেশীর শরীরে করোনা শনাক্তের ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান জানান।

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানিয়েছেন, মাদারীপুরের রাজৈর উপজেলার কোদালিয়া বাজিতপুর গ্রামে বাবা ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। তারা বর্তমানে রাজৈর হাসপাতালের আইসোলেশনে চিৎিসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত বাবার শারীরিক অবস্থা অনেকটা ভালো। এছাড়াও ৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। আক্রান্ত শিশুটির বয়স তিন বছর। তথ্যগুলো জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল।

এদিকে আমাদের ধামরাই (ঢাকা) সংবাদাতা জানিয়েছেন, ধামরাইয়ে এই প্রথম দুইজন করোনা রোগী শনাক্ত হলো। এর একজন হলে ধামরাই সদর ইউনিয়নের বাসিন্দা অন্যজন একটি সরকারি হাসপাতালের স্টাফ। 

ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, কয়েকদিন আগে সদরের ওই বাসিন্দা অসুস্থ হয়ে এবং অন্যজনের উপসর্গ দেখা দিলে দুইজনের নমুনা বুধবার পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের দুইজনের রিপোর্ট পজেটিভ আসে। 

তিনি জানান, আক্রান্ত একজন হোম কোয়ারেন্টাইনে এবং অন্যজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসোলেশনে আছেন। করোনা রোগীদের জন্য হাসপাতালে আলাদা একটি বিশেষ টিম কাজ করছে।

ইত্তেফাক/এসি