সুন্দরবনে পাটা ও ঝাঁকি জাল নিষিদ্ধ

সম্প্রতি সুন্দরবনে পাটা ও ঝাঁকি জাল দিয়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ এই তথ্য জানিয়েছেন। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত জেলে বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে মাছ ধরতে পারলেও সেটি বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

মাছ ব্যবসায়ী জামাল মোড়ল বলেন, মানবিক বিষয়টি বিবেচনা করে পারমিট জরুরিভিত্তিতে চালু করা প্রয়োজন।

কয়রার উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী গ্রামের জেলে কামরুল ইসলাম বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরে খারাপ লোকেরা। আমরা বন বিভাগ থেকে অনুমতি নিয়ে মাছ ধরি পেটের দায়ে। শুনছি আর মাছ ধরতে পারব না, এখনতো মারা যাব। পাশ পারমিট বন্ধ থাকায় তার মতো অনেক জেলেই মনবেতর জীবনযাপন করছেন। তারা সরকারের কাছে পাশ পারমিট চালু রাখার দাবি জানিয়েছেন।

উপজেলার সুন্দরবনের মাছ ব্যবসায়ী আবু সাঈদ মোল্যা বলেন, সম্প্রতি বন বিভাগ থেকে পাটা ও ঝাঁকি জালের পারমিট বন্ধ করা হয়েছে। পাটা ও ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার সময় কোনো জেলে বিষ প্রয়োগ করে মাছ ধরে না। মূলত পাটা জাল দিয়ে সাদা মাছ ধরা হয়। আর সাদা মাছ মারতে বিষ প্রয়োগের প্রশ্নই ওঠে না। বন বিভাগের নিয়ম মেনেই জেলেরা পাটা ও ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) মো. বশিরুল-আল মামুন বলেন, পাটা ও ঝাঁকি জালের পারমিট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।