নারী বিশ্বকাপ

সরাসরি খেলবে ভারত

নিয়মটা ছিল আইসিসির নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ চার দল সরাসরি খেলবে ২০২১ সালের মেয়েদের বিশ্বকাপ। কিন্তু এ চ্যাম্পিয়নশিপের বেশ কিছু সিরিজ করোনা ভাইরাস প্রকোপ ও রাজনৈতিক জটিলতায় মাঠে গড়াতে পারেনি। যেমন মাঠে গড়াতে পারেনি ভারত ও পাকিস্তানের সিরিজটি। আইসিসির টেকনিক্যাল কমিটি গতকাল না হওয়া এ সব সিরিজের পয়েন্ট ভাগ করে দিয়েছে। যার ফলে ২০২১ সালের বিশ্বকাপে সরাসরি চলে গেছে ভারত।

এর আগেই সরাসরি এ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে নিউজিল্যান্ড।

ভারত-পাকিস্তানের সিরিজটি গত বছর জুলাই থেকে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের চলমান রাজনৈতিক অসহিষ্ণু সম্পর্কের কারণে এ খেলা মাঠে গড়ায়নি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের সিরিজও বাতিল হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে। আইসিসি জানিয়েছে, এ তিনটি সিরিজেরই পয়েন্ট ছয়টি দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। ফলে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে থাকা দল হিসেবে চূড়ান্ত পর্ব নিশ্চিত করল ভারত।

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের ২০১৭-২০২০ সংস্করণে আট দল একে অপরের সঙ্গে খেলার কথা ছিল একটি করে তিন ম্যাচের সিরিজ। স্বাগতিক নিউজিল্যান্ড ও চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সরাসরি খেলবে আগামী বছর অনুষ্ঠেয় আট দলের বিশ্বকাপে।

নিয়মানুযায়ী ৩৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া, ২৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড, ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা ও ২৩ পয়েন্ট নিয়ে ভারত সেরা চারে থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল।

তালিকার পরের চারটি স্থানে আছে পাকিস্তান (১৯), নিউজিল্যান্ড (১৭), ওয়েস্ট ইন্ডিজ (১৩) ও শ্রীলঙ্কা (৫)। নিউজিল্যান্ড ছাড়া বাকিদের খেলতে হবে আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় হতে যাওয়া ১০ দলের বাছাইপর্বে।

এই তিনটি দলসহ বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাঁচটি আঞ্চলিক বাছাইপর্বের বিজয়ী পাঁচ দল। সেখান থেকে বিশ্বকাপের টিকিট পাবে তিন দল। যদিও করোনা ভাইরাসের কারণে বাছাইপর্ব হওয়া নিয়ে জেগেছে শঙ্কা। সে ক্ষেত্রে আইসিসি কী সিদ্ধান্ত নেবে, তা এখনো জানায়নি।