রোগমুক্ত রুগানি-মাতুইদি

করোনা ভাইরাসে আক্রান্ত জুভেন্তাস ফুটবলার দানিয়েলে রুগানি ও ব্লেইসে মাতুইদির দুজনেই রোগমুক্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন করে পূর্ণ সুস্থতা অর্জন করেছেন। গত বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়া শিরোপাধারীরা।

সিরিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে রুগানি গত ১২ মার্চ আক্রান্ত হয়েছিলেন করোনায়। এর আগ থেকেই অবশ্য বৈশ্বিক এই মহামারির কারণে লিগের সব কার্যক্রম স্থগিত করে ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ। এর ঠিক এক সপ্তাহ পরে মাতুইদির শরীরেও করোনার অস্তিত্ব ধরা পড়ে। জুভেন্তাসের বিবৃতি জানাচ্ছে, দুই খেলোয়াড়ই সব ধরনের প্রক্রিয়াসম্পন্ন করে দুবার করে করোনা পরীক্ষা করিয়েছেন, যা তাদের রোগমুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছে। এর ফলে এখন থেকে আর তাদের স্বেচ্ছা নির্বাসনে থাকার প্রয়োজন নেই। জুভেন্তাসের বিবৃতিতে বলা হয়, ‘রুগানি আর মাতুইদি প্রক্রিয়া মোতাবেক করোনা ভাইরাসের জন্য জোড়া পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। যে কারণে দুই জন খেলোয়াড়কে পূর্ণ সুস্থ ঘোষণা করা হচ্ছে এবং তাদেরকে আর হোম আইসোলেশনে থাকতে হবে না।’ মাতুইদির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়লেও কোনো প্রকারের উপসর্গ লক্ষণীয় ছিল না। রুগানির কিছু উপসর্গ লক্ষণীয় থাকলেও বড়ো কোনো সমস্যার মুখে পড়তে হয়নি তাকে। তবে তাদের সতীর্থ পাওলো দিবালার ভাগ্য অতোটা সুপ্রসন্ন ছিল না। সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এক সাক্ষাত্কারে তিনি জানান, খুবই বাজে কাশিসহ তীব্র শ্বাসকষ্টের কবলে পড়েছিলেন তিনি।