সর্দি, জ্বর, ঠান্ডা কাশিসহ নানা উপসর্গের রোগীর চিকিত্সাসেবা নিশ্চিত করার জন্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্বাচনি এলাকা কাজীপুরে তার নির্দেশে নিজস্ব অর্থায়নে আর্তমানবতার সেবায় হটলাইন চালু করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ অফিসে চিকিত্সাসেবার জন্য হটলাইনে সার্বক্ষণিক ডাক্তার পাওয়া যাবে। ফোন দিলেই প্রয়োজনীয় চিকিত্সাসহ ওষুধ পাওয়া যাবে। সে প্রত্যাশা নিয়ে সোমবার সকালে ফোন দিয়ে ডাক্তারের কাছ থেকে চিকিত্সাপত্র নিয়েছেন শাহজাহান আলী। সেই সঙ্গে হটলাইনের স্বেচ্ছাসেবক দল রোগীর প্রয়োজনীয় ওষুধ বাসায় পৌঁছে দিয়েছেন। ঠান্ডা জ্বর কাশিসহ নানা রোগে আক্রান্ত কাজীপুরের ৩২৪ জন রোগী গত ১৩ দিনে চিকিত্সাসেবা পেয়েছেন হটলাইন থেকে। চিকিত্সক ফোনে কথা বলে, প্রয়োজনে রোগীর বাড়িতে গিয়ে এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, করোনা প্রভাবে তার নির্বাচনি এলাকায় রিকশা-ভ্যান শ্রমিক, ফেরিওয়ালা, ধোপা, নাপিত, ক্ষুদ্র ব্যবসায়ী, চা-দোকানিসহ নিম্ন আয়ের ৬ হাজার মানুষের খাদ্যসামগ্রী সরবরাহের নিশ্চিত ব্যবস্থা করেছেন। ১৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, আলু, লবণ ও একটি হাত ধোয়ার সাবান মিলিয়ে একটি প্যাকেটে এরই মধ্যে কাজীপুরের দুর্গম চরসহ ৬ হাজার পরিবারের মধ্যে সাবেক এমপি তানভীর শাকিল জয়ের নেতৃত্বে বিতরণ করা হয়েছে।