রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত আইজিপির সাক্ষাত্

পুলিশের নবনিযুক্ত আইজিপি বেনজীর আহমেদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে আইজিপি পুলিশের চলমান কার্যক্রম এবং ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। তিনি সাধারণ জনগণের পাশে থেকে এভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি পুলিশকে আরো জনবান্ধব করে গড়ে তোলার জন্য নবনিযুক্ত আইজিপিকে নির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর পরিবারের প্রতি

আইজিপির শ্রদ্ধা

এছাড়া বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও রাজারবাগ স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। আইজিপি সেখানে ফাতেহা পাঠ করেন।