করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে হাজারো চেষ্টা করেও ধামরাইয়ের হাট-বাজার, বাসস্টেশন ও বিভিন্ন পয়েন্টে মানুষের ভিড় কোনোভাবেই কমানো যাচ্ছিল না। এগুলোর মধ্যে কালামপুর গঞ্জ বা ছোটো শহর অন্যতম। এখানকার সাপ্তাহিক হাট ও নিত্যদিনের বাজারে হাজার হাজার মানুষের ভিড় ঠেকাতে হিমশিম খেতে হয়েছে। মাইকিং লিফলেট এমনি কি গঞ্জের দুই প্রান্তে বাঁশ বেঁধে এবং গাছ ফেলেও ঠেকানো সম্ভব হয়নি জনসমাগম। অবশেষে কালামপুর বাজার বণিক সমিতির উদ্যোগে নিত্য দিনের বাজারকে সরিয়ে নেওয়া হয়েছে কালামপুর হাইস্কুল মাঠে। সমিতির সভাপতি মো. রবিউল করিম বলেন, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে দোকানি ও ক্রেতারা বেচাকেনা করতে পারেন সে জন্য নিত্যদিনের বাজারকে আমরা মাঠে স্থানান্তর করেছি। ওদিকে একই উদ্দেশ্যে ধামরাই থানার ওসি দীপক চন্দ্রসাহা তার সঙ্গীয় টিম নিয়ে ইসলামপুর বাজার, জলসিন বাজার, ভাড়াড়িয়া, যাদবপুর, কুশুরা, চন্দ্রাইলসহ উপজেলার অন্যান্য প্রাত্যহিক বাজারগুলোকে বিভিন্ন মাঠ ও খোলা জায়গায় স্থানান্তর করেছেন।