রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির খাটের নিচে মজুত করা টিসিবির ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্যতেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় লাল মিয়া ও হানিফ নামে দুই জনকে আটক করা হয়েছে। অন্যদিকে টিসিবির পণ্য কালোবাজারির অভিযোগে যুবলীগের বহিষ্কৃত নেতা আজমল উদ্দিনকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মাহিগঞ্জ এলাকার বস্তি থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যপার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ির বক্স খাটের নিচে অবৈধভাবে মজুত করে রাখা টিসিবির ন্যায্যমূল্যের ১ হাজার ২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে বক্স খাটের ভেতরে অভিনব কায়দায় রাখা ছিল টিসিবির দুই লিটারের ২৫৯টি এবং পাঁচ লিটারের ১৪৪টি তেলের বোতল। উদ্ধার করা সয়াবিন তেলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। এ সময় বাড়ির মালিক হানিফ মিয়া ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির কতিপয় ডিলারের কাছ থেকে এসব পণ্য কম দামে কিনে মজুত করে রেখেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারি পণ্য কালোবাজারে বিক্রির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা অনুসন্ধান করতে আটক ব্যক্তিদের সঙ্গে নিয়ে আরো অভিযান পরিচালনা করা হবে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ।
নড়াইলে টিসিবির ডিলারসহ পাঁচ জনকে জরিমানা
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে টিসিবির ভোজ্যতেল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারসহ পাঁচ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা, দৌলতপুর, দারিয়াপুর ও শম্ভুডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মুদি দোকানদার বাবু মিয়া, উজ্জ্বল ভূঁইয়া, রাসেল শেখ ও রফিকুল ইসলামের দোকান থেকে টিসিবির মোট ৪৭ লিটার ভোজ্যতেল উদ্ধার করে। এসব দোকানদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মুদি দোকানিদের দেওয়া তথ্য অনুযায়ী নড়াইল শহরের টিসিবির ডিলার কুন্ডু স্টোরের মালিক পরিতোষ কুন্ডুর ছেলে আকাশ কুমার কুন্ডুকে কালোবাজারে টিসিবির ভোজ্যতেল বিক্রির অপরাধে ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
চিতলমারীতে টিসিবির তেল কালোবাজারে বিক্রি
৩০ হাজার টাকা জরিমানা
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের চিতলমারীতে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবির ১৯২ লিটার তেলের মধ্যে ৯০ লিটার তেল উপজেলা প্রশাসন উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে সদর বাজারের আবির স্টোর থেকে এ সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ সময় টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির দায়ে আবির স্টোরের মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মুকসুদপুরে তেলসহ টিসিবির ডিলার ও ব্যবসায়ী আটক
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে টিসিবির বোতলজাত ১৯৬ লিটার সয়াবিন তেলসহ টিসিবির ডিলার ও ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল মুকসুদপুর উপজেলা সদরের টেংরাখোলা বাজার পোস্ট অফিস রোডে অভিযান চালিয়ে সয়াবিন তেলসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো টিসিবির ডিলার মুকসুদপুর উপজেলার পাথরাইল গ্রামের নিলু সরদার (৪০) ও টেংরাখোলা বাজারের ব্যবসায়ী কমলাপুর গ্রামের কুমারেশ রাহা (৪২)।