মুজিবনগর দিবস ঘরে বসেই পালন করুন :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সংকটের কারণে মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ, ২ লাখ নির্যাতিত মা-বোন, মুক্তিযুদ্ধের সব সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

ওবায়দুল কাদের বলেন, করোনা প্রতিরোধ যুদ্ধে সামনে থেকে যেসব চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবনবাজি রেখে সেবা প্রদান করে চলেছেন ঐতিহাসিক মুজিবনগর দিবসে তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক বা প্রতিকার না থাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাই একমাত্র উত্তম পন্থা। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঘরে ঘরে স্বাধীনতার দুর্গ গড়ে তুলেছিল। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে পারলে জয় আমাদের হবেই। বাংলাদেশের সব মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে আমরা মারাত্মক করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সক্ষম হব।