যশোরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সম্পাদককে কুপিয়ে হত্যা

যশোরে পূর্বশত্রুতার জের ধরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেলকে (৩৫) কুপিয়ে হত্যা ও তার ভাইকে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। রাসেল আরবপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা।

আরবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহারুল ইসলাম জানান, বুধবার রাতে বালিয়া ভেকুটিয়া গ্রামের সরদারপাড়ায় বাড়ির সামনে চায়ের দোকানে রাসেল ও তার ভাই আল আমিন অবস্থান করছিল। এ সময় বালিয়া ভেকুটিয়া এলাকার পিচ্চি বাবু ও শামিনুরসহ ১০-১২ জনের একটি দল পরিকল্পিতভাবে রাসেল ও তার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক রাসেলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আল আমিন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। শাহারুল ইসলাম আরো জানান, হামলাকারীরা মাদকব্যবসায়ী। এই দুর্বৃত্তদের অপকর্ম রুখতে তিনি ১০ দিন আগেও ইউনিয়ন পরিষদের প্যাডে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন। সেই দুর্বৃত্তরাই এই হত্যাকাণ্ড ঘটাল।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত মনিরুজ্জামান জানান, পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।