একজন চিকিত্সক করোনা ভাইরাসে মৃত্যুর পর সিলেটবাসীর জন্য ২০টি আইসিইউ বেড সম্বলিত একটি স্বতন্ত্র ইউনিট স্থাপনের লক্ষ্যে সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো ঐ নোটিশে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। প্রবাসী অধ্যুষিত সিলেটও রয়েছে ভয়াবহ ঝুঁকিতে। বৃহত্তর সিলেটে প্রায় ২ কোটি মানুষের বসবাস। এই বিশাল অঞ্চলের এত বিপুলসংখ্যক মানুষের জন্য শহিদ শামসুদ্দিন হাসপাতালকে করোনা চিকিত্সার জন্য সরকার নির্ধারণ করেছে। কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর থেকে এটা স্পষ্ট হয়েছে যে, শহিদ শামসুদ্দিন হাসপাতাল করোনা রোগীর সব স্তরের চিকিত্সা দেওয়ার জন্য সক্ষম নয়। এমনকি সিলেটের প্রায় ২ কোটি মানুষের কেউ করোনা আক্রান্ত হলে শামসুদ্দিন হাসপাতালে তাদের জন্য একটি জীবন রক্ষাকারী ভেন্টিলেটরও এই মুহূর্তে চালু নেই বা পরিচালনায় দক্ষ লোকবল নেই। এজন্য ত্বরিত গতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের রোগীদের জন্য করোনা সেবার পর্যাপ্ত যন্ত্রপাতি, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, জেনারেটর ইত্যাদি নিশ্চিত করা দরকার। যা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম ই-মেইল যোগে গতকাল বৃহস্পতিবার এ নোটিশ পাঠান।