খাদ্যের দাবিতে রংপুরে সাদ এরশাদের বাসভবনও ঘেরাও

রংপুরে লকডাউন অমান্য করে খাদ্যের দাবিতে রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে শত শত নারী-পুরুষ। একই সঙ্গে পল্লী নিবাস বাসভবনের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত থাকাকালে তিনি এলাকার গরিব সহায়-সম্বলহীন মানুষসহ রংপুরের সকল স্তরের মানুষের পাশে থাকতেন, মানুষকে সাহায্য দিতেন। অথচ তার ছেলে সাদ এরশাদ এমপি হওয়ার পর থেকে এলাকায় আসেন না। তিনি আমাদের কোনো খোঁজ-খবর নেন না। করোনা ভাইরাস মহামারি আকারে দেখা দেওয়ার পর তিনি আসেননি, এমনকি কোনো খাদ্য বিতরণ করারও কোনো ব্যবস্থা নেননি। তারা অভিযোগ করে বলেন, আমরা খাবারের অভাবে অনাহারে মারা যাচ্ছি আর উনি ঢাকায় এসি রুমে বসে আয়েশি জীবনযাপন করছেন। ভোটের সময় অনেক বড়ো বড়ো কথা বলেছেন এখন সাদ কোথায়? ব্যক্তিগত তহবিল তো দূরের কথা, এমপির জন্য বরাদ্দ করা চাল কোথায়? এ ধরনের জনপ্রতিনিধি আমরা চাই না।