জনতার হাতে রাঙ্গুনিয়া থানার এসআই আটক

করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষকে কাউখালী ও রাঙ্গামাটিসহ বিভিন্ন এলাকায় মাথাপিছু ১ হাজার টাকা উেকাচের বিনিময়ে প্রবেশ করাতে গিয়ে নগদ টাকাসহ জনতার হাতে ধরা পড়লেন রাঙ্গুনিয়ার রানীহাট পুলিশ ফাঁড়ির আইসি মো. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল আটটায় কাউখালীর মঘাইছড়ি ইটভাটাসংলগ্ন চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে সশস্ত্র অবস্থায় সাদাপোশাকে চাঁদাবাজি করতে গেলে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের সহযোগিতায় উত্তেজিত জনতা তাকে আটক করে।

পরে কাউখালী থানার আওতাধীন মঘাইছড়ি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ ঐ এসআইকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। কাউখালী পুলিশ পরে তাকে রাঙ্গুনিয়া পুলিশের হাতে হস্তান্তর করে। খবর পেয়ে কাউখালীর দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আবুল কালাম, কাউখালী থানার ওসি মো. শহিদুল্লাহ, রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, যেহেতু বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে সেহেতু তার বিরুদ্ধে পুলিশই অফিশিয়ালি ব্যবস্থা গ্রহণ করবে। রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আবুল কালাম জানান, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।