সিরাজদিখানে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত করার দায়ে রুহুল আমিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, মালামাল ক্রোকসহ একটি পোশাক কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন। করোনা দুর্যোগের মধ্যেও রমজানকে সামনে রেখে ব্যবসায়ী রুহুল আমিন ঐ পোশাক কারখানায় সাড়ে ৬ টন পেঁয়াজ মজুত করে রাখেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেঙ্গুরিয়াপাড়ায় ঐ পোশাক কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও মালামাল ক্রোক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার। তিনি জানান, জব্দ করা পেঁয়াজ নিলামে বিক্রি করা হবে। রুহুল আমিন স্থানীয় টেঙ্গুরিয়াপাড়া গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে।