দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বৃহস্পতিবার আংশিক ফলাফল থেকে এ কথা জানা গেছে। করোনা মহামারির মধ্যেই বুধবার এই নির্বাচনের আয়োজন করা হয়েছিল।
চীনের বাইরে প্রথম দক্ষিণ কোরিয়ায় করোনা ছড়িয়ে পড়ে। প্রথমদিকে করোনা খুব দ্রুত দেশটিতে ছড়িয়ে পড়লেও দ্রুত তারা এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরীক্ষা বাড়িয়ে দিয়ে রোগী শনাক্তকরণ, কোয়ারেন্টাইনের মতো ব্যবস্থা এবং বাইরে থেকে যারা আসছেন, তাদের সঙ্গনিরোধ বাধ্যতামূলক করার মাধ্যমে তারা করোনার বিস্তার ঠেকাতে পেরেছে। এর প্রভাব পড়েছে নির্বাচনে। ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টি পার্লামেন্টে গত ১২ বছরের মধ্যে এবারই প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলটি ৩০০ আসনের মধ্যে ১৬৩টি আসন পেয়েছে।
মাত্র কয়েক মাস আগে ক্ষমতার অপব্যবহার নিয়ে কেলেঙ্কারি ও অথনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতির কারণে মুন জায়ে ইন সমালোচিত হচ্ছিলেন ও তার জনপ্রিয়তা কমে গিয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি মোকাবিলায় সফলতার কারণে মুনের জনপ্রিয়তা বেড়ে যায়। গত সপ্তাহে তার পক্ষে জনপ্রিয়তার হার ৪১ থেকে বেড়ে ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। করোনা আতঙ্কের মধ্যেও ভোটার উপস্থিতি ছিল ৬৬.২ শতাংশ, যা ১৯৯২ সালের পর সর্বোচ্চ। উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বে দক্ষিণ কোরিয়াই প্রথম দেশ, যেটি নির্বাচনের আয়োজনের সাহস দেখিয়েছে।