করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবং ভাইরাসটি থেকে রক্ষা পেতে এক সঙ্গে যুদ্ধ করছে গোটা বিশ্ব। আর ভাইরাসটির সঙ্গে যুদ্ধ করার সীমিত কিছু হাতিয়ারের মধ্যে একটি মাস্ক। ফলে মাস্ক সংকটে রয়েছে অনেক রাষ্ট্রই। এমন পরিস্থিতিতে মাস্ক তৈরির কাপড়ের দাম বৃদ্ধি করেছে কিছু অসাধু ব্যবসায়ী।
এমন প্রায় ৪২ জন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চীন। তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আল জাজিরা জানায়, অভিযুক্তরা মাস্ক বানানোর কাপড়ের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে তারা নিম্নমানের মাস্ক উৎপাদনের উপাদান সামগ্রী বিক্রি করছিল।
শুক্রবার চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, গোটা দেশজুড়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এরা সারা দেশে মাস্ক নিয়ে অরাজকতা সৃষ্টিকারী কিংবা অপরাধকারীদের খুঁজে বের করেছে।
করোনা ভাইরাসের কারণে বিশ্বের মহামারি পরিস্থিতিতে মাস্ক এবং মাস্ক তৈরির কাঁচামালের গুরুত্বপূর্ণ রপ্তানিকারক হয়ে উঠেছে চীন। এমন অবস্থায় বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে অভিযোগ আসছিল যে, খুব নিম্ন মানের উপাদান ও মাস্ক রপ্তানি করেছে দেশটি।
আরও পড়ুন: ২৫ হাজার কারাবন্দীকে ছেড়ে দিচ্ছে মিয়ানমার
বিষয়টি আমলে নিয়ে চীন সরকার এবার অসাধু ব্যবসায়ীদের ধরতে অভিযান শুরু করেছে বলে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
ইত্তেফাক/আরআই