বেতন পেলেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের ক্রিকেটাররা করোনা ভাইরাস মোকাবিলায় এগিয়ে এসে বেতনের অর্ধেক দান করেছেন। থেমে থাকেননি বিসিবির বেতনভুক্ত প্রথম শ্রেণির ক্রিকেটাররাও। তিন ক্যাটাগরিতে বেতনভুক্ত ৯১ ক্রিকেটারও তাদের বেতনের অর্ধেক দান করেছেন করোনা সংকট মোকাবিলায়। তাদের সংগ্রহ করা অনুদান গেছে কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) তহবিলে।

করোনার থাবায় বন্ধ রয়েছে ক্রিকেট। দেশের সিংহভাগ ক্রিকেটারের আয়ের মূল উত্স ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও থমকে গেছে করোনার কারণে। বিসিবির কাঠামোর বাইরের ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। অনুদান না দিলেও এবার প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য সহযোগিতার হাত বাড়াল বিসিবি। গত সপ্তাহে ৯১ ক্রিকেটারকে বছরের প্রথম তিন মাসের (মার্চ-২০২০ পর্যন্ত) বেতন দিয়েছে বিসিবি।

সাধারণত পাঁচ-ছয় মাসের বেতন একসঙ্গে পেয়ে আসছেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা। অতীতে এমনটাই হয়েছে। করোনার কারণেই এবার বছরের শুরুতেই তিন মাসের বেতন দেওয়া হয়েছে তাদের। প্রতি বছরই প্রথম শ্রেণির ক্রিকেটে বেতনভুক্ত ক্রিকেটারদের তালিকায় পরিবর্তন আসে। ক্রিকেটারদের সংখ্যা কমে, বাড়ে। গত বছর ৭৯ জন ছিল, ১২ জন বাড়ানো হয়েছে এই বছর।

গতকাল ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২ এপ্রিল তিন মাসের বেতন দিয়েছে বিসিবি। উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এই প্রসঙ্গে গতকাল বলেছেন, ‘আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের বেতন দিয়ে দিয়েছে বিসিবি। গত সপ্তাহে আমরা বেতন পেয়েছি। তিন মাসের একসঙ্গে দিয়েছে।’ করোনা কালে এই আর্থিক সহযোগিতা ক্রিকেটারদের জন্য স্বস্তির বটে। কারণ প্রিমিয়ার লিগ সহসা শুরু হচ্ছে না। ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করা হয়েছে।

ক্রিকেটারদের বেতন দেওয়ার বিষয়টি বিসিবির টুর্নামেন্ট কমিটিও নিশ্চিত করেছে। ভবিষ্যতে প্রথম শ্রেণির ক্রিকেটারদের প্রতি মাসের বেতন প্রতি মাসেই দেওয়ার চেষ্টা করা হবে। বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, আমরা ক্রিকেটারদের এবারের বেতন দিয়ে দিয়েছি। এর আগে ছয় মাস পর পর দেয়া হতো কিন্তু এবার পরিস্থিতি বিবেচনায় তা করা হয়নি। মার্চের পর প্রতি মাসেরটা প্রতি মাসেই পাবেন খেলোয়াড়রা।’

উল্লেখ্য, ২০১২ সালে সর্বপ্রথম প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির আওতায় নিয়ে আসে বিসিবি। গত আট বছরে তাদের বেতন বেড়েছে মাত্র ১৫ শতাংশ। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে ২৮ হাজার ৭৫০ টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ২৩ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক ১৭ হাজার ২৫০ টাকা বেতন পেয়ে থাকেন।