আইসিসিকে পিসিবির প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

২৬ বছর আগে সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তান। এখানেই শেষ নয়, আইসিসির সদস্যপদ পাওয়ার পর মাত্র দুবার আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে, এই খরা কাটাতে চায় সংস্থাটি। তারা আইসিসির বোর্ড সভায় পাঁচ থেকে ছয়টা টুর্নামেন্ট আয়োজনের দাবি জানাবে।

এরই মধ্যে কমপক্ষে দুটি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাকিস্তান পাবে বলে বিশ্বাস পিসিবি চেয়ারম্যান এহসান মানির। আশার আলো দেখছেন তিনি। বললেন, ‘আমরা এককভাবে পাঁচ-ছয়টি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তাব করব আইসিসিকে। এছাড়াও আমরা অন্যান্য দেশের সঙ্গে মিলে টুর্নামেন্ট আয়োজনের কথাও ভাবছি। এ নিয়ে আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা করেছি। যাতে করে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়ার সম্ভবনা আমাদের বৃদ্ধি পায়।’

শেষবার ১৯৯৬ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। ১৯৮৭ সালেও বিশ্বকাপের আয়োজক ছিল তারা। তবে এর মধ্যে ২০১১ সালে যৌথভাবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তান থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়া হয়। এর পর থেকে তো আন্তর্জাতিক ক্রিকেটই বন্ধ ছিল পাকিস্তানে।

আগামী ২০২৩ সাল থেকে শুরু করে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পিসিবির নজর সেদিকেই।

এহসান মানি বলেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্টের মধ্যে কিছু আছে যেখানে ১৬টি ম্যাচ আছে আবার কিছু আছে যেখানে ৩০ কিংবা ৪০টি ম্যাচও আছে। আমরা যতটা কাজের চাপ নিতে পারব ঠিক সেরকম টুর্নামেন্টের প্রস্তাব করার কথাই ভাবছি। পাকিস্তান ক্রিকেট এবং এর উন্নতির জন্য আইসিসির টুর্নামেন্ট এখানে আয়োজন করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের সরকারের থেকেও সম্পূর্ণ সমর্থন পাবো এ ব্যাপারে।’