বেতন কমানোর সিদ্ধান্ত

বিপদে আইরিশ বোর্ড

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপে গোটা বিশ্বেই নাভিশ্বাস পরিস্থিতি বিরাজ করছে। অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও (আইসিবি)। লোকসান এড়াতে বোর্ডের কর্মকর্তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেটরম নিজেই জানিয়েছেন বোর্ডের কর্মকর্তাদের বেতন কমানোর বিষয়ে। ওয়ারেন জানান, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, যারা খেলাধুলার সঙ্গে সরাসরি জড়িত নয় তাদের বেতন ২০ শতাংশ কমিয়ে দেওয়া হবে। এছাড়া তিনি নিজে অতিরিক্ত ৫ শতাংশ বেতন কম নেবেন অর্থাত্ তার বেতন কমবে ২৫ শতাংশ।

তিনি বলেন, ‘মহামারির সময়ে লোকসান এড়াতে আমাদের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। তাই কমপক্ষে আগামী দুই মাস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বেতন ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা। তবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন এখনই কমানোর কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি।’

ওয়ারেন আরো বলেন, ‘আমরা জানি ক্রিকেটাররা এর মধ্যেও অনেক লোকসান গুনছে কারণ ম্যাচ খেললে তারা ম্যাচ ফি এবং সিরিজের জন্য আলাদা অর্থ পেত। আর যেহেতু ক্রিকেট স্থগিত তাই তাদের উপার্জনের আর কোনো রাস্তাও খোলা নেই। তাই তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হবে না।’