সাঁকো দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের সদর উপজেলার সোনাপাড়া গ্রামে ফকিরবাড়ী খালে বাঁশের সাঁকো দেওয়াকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার আহত ছোরহাব ফকির (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

গত বুধবার দুুপুরে সোবাহান ফকির ও লোকমান ফকির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে ছোরহাব ফকির, মজিবর ফকির ও লোকমান ফকিরসহ সাত জন আহত হন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সংঘর্ষের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। এখন যেহেতু ঐ ব্যক্তি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন সেক্ষেত্রে মামলার ধারায় কিছু সংযোজন হবে।