কমলনগরে তিন করোনা রোগী শনাক্ত

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

কমলনগরে নারী ও শিশুসহ তিন জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। কমলনগরে এটাই প্রথম করোনা সংক্রমণের ঘটনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের একজন উপজেলার চরফলকন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। ৫৫ বছর বয়সি ট্রাকচালক ঐ ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে এলাকায় আসেন। আরেক জন চরলরেন্স এলাকার ১১ বছর বয়সি এক মাদ্রাসা ছাত্র। অপরজন চরমার্টিন মুন্সীরহাট এলাকার ২৭ বছর বয়সি এক নারী। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে কমলনগরে আসেন। আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিত্সা দেওয়া হচ্ছে।

কমলনগর থানার ওসি নূরুল আবছার জানান, আক্রান্তদের তিনটি বাড়িই লকডাউন এবং বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।