করোনা : নতুন গণনায় উহানে মৃতের সংখ্যা ৫০ শতাংশ বাড়ল

বিবিসি ও সিএনএন

নতুন গণনায় করোনা ভাইরাস মহামারির উত্পত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহানে মৃতের সংখ্যা বেড়ে গেছে ৫০ শতাংশ। বৃহস্পতিবার পর্যন্ত তথ্য পর্যালোচনায় মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরো ১ হাজার ২৯০ জনের নাম। তাতে উহানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে ৩ হাজার ৮৬৯ জনে। পর্যালোচনায় বেড়ে গেছে আক্রান্ত রোগীর সংখ্যাও, ৩২৫ জন বেড়ে হয়েছে ৫০ হাজার ৩৩৩ জন। এই পর্যালোচনার ফলে চীনে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৩২, যা আগের সংখ্যার চেয়ে ৩৯ শতাংশ বেশি।

উহান শহরের একটি বাজার থেকে গত বছরের শেষ দিকে নতুন ধরনের এই করোনা ভাইরাস ছড়াতে শুরু করে বলে ধারণা করে আসছেন গবেষকরা। চীন প্রথম এ ভাইরাসে কারো মৃত্যুর কথা জানায় ১১ জানুয়ারি। কিন্তু ততদিনে এত দ্রুত এ ভাইরাস ছড়াতে শুরু করেছে যে জানুয়ারির শেষ দিকে উহানসহ হুবেই প্রদেশের বড়ো একটি এলাকা লকডাউন করা হয়। নানা কঠোর পদক্ষেপের ফলে মার্চের শুরু থেকে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে চীনের পরিস্থিতি। কিন্তু তত দিনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ভাইরাসের বিস্তার ব্যাপক মাত্রা পেতে শুরু করেছে।

তিন মাস অবরুদ্ধ দশার পর গত ৮ এপ্রিল উহান থেকে লকডাউন তুলে নেওয়া হয়। তার এক সপ্তাহের বেশি সময় পর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পর্যালোচনা করার কথা জানিয়ে এর একটি ব্যাখ্যাও দিয়েছে উহানের মিউনিসিপাল কর্তৃপক্ষ। সেখানে সংখ্যা বাড়ার কারণ হিসেবে বলা হয়েছে, অনেক রোগী চিকিত্সা না পেয়ে বাড়িতেই মারা গেছেন, যারা এত দিন হিসাবের বাইরে ছিল। রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় হাসপাতালে হিসাব রাখার ক্ষেত্রেও ভুল থেকে গেছে, যা পর্যালোচনায় সংশোধন করা  হয়েছে।

চীনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্য দেশের তুলনায় এত কম হওয়ায় সন্দেহ আর অবিশ্বাস ছিল পশ্চিমা দেশগুলোর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এ নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোও করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চীনের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক্ষেত্রে চীনা কর্তৃপক্ষের স্বচ্ছতার অভাবের সমালোচনা করেছেন। ম্যাক্রো বলেছেন, সেখানে ঠিক কী ঘটেছে, তা তাদেরকেই বলতে হবে।