যবিপ্রবিতে করোনার নমুনা পরীক্ষা শুরু

যশোর অফিস

১৩টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে গতকাল শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে শুরু হয়েছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা। এর মাধ্যমে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বাইরে দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হলো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের আগ্রহেই মূলত করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানী ২০১১ সাল থেকে সেখানে (ঢাবি) আরটিএ ভাইরাসের গবেষণা শুরু করেন। যশোরের বিশ্ববিদ্যালয়ে জিনোম সেন্টারে করোনা ভাইরাস পরীক্ষার নেতৃত্বও দিচ্ছেন তিনি। মো. আনোয়ার হোসেন জানান, যবিপ্রবির জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০ নমুনা পরীক্ষা করা সম্ভব। এর বেশি নমুনা পরীক্ষারও সক্ষমতা ও জনবল আছে। তবে এটা নির্ভর করবে নমুনা সরবরাহের ওপর। 

সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, করোনা ভাইরাস পরীক্ষার প্রথম দিনের ফলাফল শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রস্তুত হয়েছে। ফলাফল দিনে দিনেই সিভিল সার্জন ও আইইডিসিআরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারাই ফলাফল ঘোষণা করবে। তিনি বলেন, যবিপ্রবির জিনোম সেন্টারে বৃহত্তর যশোরের চার জেলার (যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা ভাইরাস পরীক্ষার জন্য দুটি টিম গঠন করা হয়েছে। প্রতি টিমে চার জন বিশেষজ্ঞ ও দুই জন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন। এই ছয় জনই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে বসবাস করবেন।

সূত্র আরো জানায়, যবিপ্রবিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার খবরে আশপাশের এলাকাবাসী সংক্রমণের আশঙ্কায় বিরোধিতা করেন। এ প্রসঙ্গে ল্যাব সংশ্লিষ্টরা জানান, নমুনা পাওয়ার পর বিএসএল-২ ল্যাবরেটরির একটি মেশিনে দেওয়া হয়। এই মেশিনের বাতাস বাইরে বের হবে না। সুতরাং এ ধরনের কোনো ঝুঁকি নেই।