মোরশেদা ইয়াসমিন পিউ
এখন থেকে বিনামূল্যে সেবা দেবে ভার্চুয়াল হাসপাতাল ‘আমার ল্যাব’। সেবা মিলবে ফেসবুক অথবা ‘কথা অ্যাপ’-এর মাধ্যমে। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে চিকিত্সকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ। দেশের অধিকাংশ চিকিত্সক এখন ঘরে বন্দি। অনেক হাসপাতালে জ্বর, সর্দি-কাশির রোগীকে ভর্তি করা হচ্ছে না। এতে বিপাকে পড়তে হচ্ছে হঠাত্ অসুস্থ হয়ে পড়া বা আগে থেকে জটিল রোগে আক্রান্ত রোগীদের। এ অবস্থায় রোগী যাতে বাসায় বসে সরাসরি চিকিত্সকের পরামর্শ তথা সেবা পেতে পারেন, সেই লক্ষ্যে এই ব্যবস্থা।
করোনা ভাইরাস সংক্রমণের সময়ে এই হাসপাতালে মিলবে বিনা খরচে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ। চিকিত্সকের পরামর্শ নিতে আগ্রহী ব্যক্তিকে ফেসবুকে প্রবেশ করে ইংরেজিতে ‘আমার ল্যাব’ (AmarLab) লিখে সার্চ করতে হবে। এরপর ‘সেন্ড’ অপশনে ক্লিক করলে ‘গেট স্টার্টেড’ বাটন আসবে। এতে ক্লিক করলে চ্যাট বক্সে চিকিত্সকের পরামর্শ ও ডায়াগনস্টিক সার্ভিসেস নামে দুটি অপশন আসবে। চিকিত্সকের পরামর্শ নিতে চাইলে ঐ সময় যেসব চিকিত্সক সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, তাদের নামের তালিকা ও ছবি আসবে। এরপর পছন্দের চিকিত্সকের ‘গেট অ্যাপয়েন্টমেন্ট নাও’ লেখা অপশনে ক্লিক করলে ভিডিওর মাধ্যমে চিকিত্সকের পরামর্শ নেওয়া যাবে। এ ছাড়া চিকিত্সকের পরামর্শে কোনো পরীক্ষা করতে হলে আমার ল্যাবের টেকনোলজিস্ট প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থাসহ রোগীর বাড়িতে গিয়ে স্যাম্পল সংগ্রহ করে রোগীর পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাবেন। পরীক্ষার ফলাফলও রোগীর বাসায় পৌঁছে দেবেন। চিকিত্সকেরা প্রেসক্রিপশনও অনলাইনে দেবেন। প্র্রথম দিনে তারা ১৭০ জন রোগীর স্বাস্থ্যসেবা দিয়েছেন বলে জানা যায় তাদের পেজ থেকে।
আমার ল্যাবের চিকিত্সকদের তালিকায় মেডিসিন, হূদেরাগ, স্ত্রীরোগ ও প্রসূতি, দন্তরোগ, শিশুরোগ, পেডিয়েট্রিক সার্জনসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিত্সক রয়েছেন। এ উদ্যোগের সঙ্গে যুক্ত ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান ১৪ এপ্রিল বিকেলে বেশ কয়েক জন চিকিত্সক ও প্রযুক্তিবিদ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ‘ভার্চুয়াল হসপিটাল’-এর উদ্বোধন করেন সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মাধ্যমের দেওয়া তথ্য অনুসারে করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরে অবস্থানরত ১৭ কোটি মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে হলে ডিজিটাল মাধ্যমের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্লোগান অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তাসহ প্রতিটি জায়গায় ডিজিটাল সেবা দিতে হবে। বর্তমান মহামারির এই পরিস্থিতিতে ‘আমার ল্যাব’ উদ্বোধন ডিজিটাল বাংলাদেশের অন্যতম অর্জন। সংবাদ সম্মেলনের শুরুতে এ সেবা নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন চিকিত্সক ইশতিয়াক জাহিদ ও সাজ্জাদ রাহাত হোসেন। ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক জানান, শিগগিরই নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সেবাও চালুর করবেন তারা।