ঢাকা মেডিক্যালের নামে অন্য হাসপাতালে চিকিত্সা

অবহেলায় যুবকের মৃত্যু, এমডিসহ আটক ২

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

বেসরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কবলে পড়ে চিকিত্সা অবহেলায় প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজিব নামের যুবক। গত বুধবার উত্তরার আল-আশরাফ জেনারেল হাসপাতালে চিকিত্সা অবহেলার কারণে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। নিহত রাজিব ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর থানার রাজানগর গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে।

নিহতের পরিবারের দাবি, গত মঙ্গলবার নাসিরনগর থানা এলাকায় মারামারির ঘটনায় নিহত রাজিবসহ আরো কয়েক জন আহত হলে তাদের স্থানীয় ২৫০ শয্যা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এটি ঢাকা মেডিক্যালের শাখা বলে তাদের উত্তরার আল আশরাফ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। রোগীর ভাই সুরত আলী জানান, বুধবার সকাল ১০টায় ভর্তি হওয়ার পর থেকে আমাদের শুধু টাকার জন্য চাপ দেওয়া হয়। প্রথমে ৬০ হাজার ও পরে আড়াই লাখ টাকা দাবি করা হয়। আমরা সব টাকা দিতে রাজি হলেও ডাক্তার আসছেন আসছেন বলে আমাদের নিকট থেকে ২০ হাজার টাকা নেয়। রাত ৮টা পর্যন্ত ডিউটি ডাক্তার নিজেই চিকিত্সা দিচ্ছিলেন। পরে রাত নয়টার সময় রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়ে দ্রুত লাশ হাসপাতাল থেকে বের করে একটি অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করতে বলা হয়। পরে আমরা বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবগত করলে থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থলে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদের কিছু না জানিয়েই চলে যান। পরদিন বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাসপাতালের এমডি মো. শাহীন আলমসহ দুই জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে থানায় ডাকা হয়েছে বিষয়টা জানার জন্য, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।